নেতৃত্বে মোমেন, জয় র‌্যাবের সোর্স

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে ফিল্মি কায়দায় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিনজনের মধ্যে আরিয়ান আহমেদ জয় (২৩) র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার রাতে র‌্যাব-১-এর সদস্য আল মোমেনের নেতৃত্বে ছিনতাইয়ে অংশ নেয় তারা। রাজধানীর বনানী থানায় ভুক্তভোগী শহিদুল ইসলামের করা মামলার তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বনানী থানার ওসি নুরে আজম মিয়া দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে র‌্যাব সদস্য মোমেনকে প্রচলিত আইনে বিচারের সুযোগ না থাকায় তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর এলাকা থেকে এ চক্রটি ভুক্তভোগী শহিদুল ইসলামকে টার্গেট করে। চক্রটির ধারণা ছিল গাড়িতে বিদেশ থেকে আনা মূল্যবান জিনিস রয়েছে। ভুক্তভোগী শহিদুলের সবকিছু ছিনিয়ে নিতে ফ্লাইওভারের ওপর গাড়ি থামিয়ে তাদের নিজেদের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে ছিনতাই চক্রটি। ভাড়ার প্রাইভেট কারচালকও ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকার আশপাশ থেকে টার্গেট করে ছিনতাই করে আসছিল।

উল্লেখ্য, মানিকগঞ্জের সিংগাইর থেকে শহিদুল ইসলাম তার ভাগনে মো. রিয়াজকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে একটি ভাড়ার প্রাইভেট কারে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তার বিদেশফেরত এক বন্ধুর সঙ্গে দেখা করেন। রাত পৌনে ১টার দিকে ওই প্রাইভেট কারেই বাড়ির উদ্দেশে রওনা হন তারা। বনানী থানাধীন আমতলী ট্রাফিক বক্সের ওপর বরাবর মহাখালী ফ্লাইওভারে রাত সোয়া ২টার দিকে আকস্মিকভাবে একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে। ওই প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি নেমে তাদের প্রাইভেট কারের কাছে এসে পিস্তল দেখিয়ে সঙ্গে থাকা সব মালামাল নেওয়ার চেষ্টা করে। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আরিয়ান আহমেদ জয় নামের একজনকে আটক করে। অন্য দুজন তাদের প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শহিদুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়কে হেফাজতে নেয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, তার সহযোগীদের নাম আল মোমেন, মো. ফরহাদ হোসেন ও জালাল। বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে মোমেন ও ফরহাদকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত মোমেন (২৬) র‌্যাবের সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক তিনি। বর্তমানে প্রেষণে র‌্যাব-১, উত্তরা, ঢাকায় কর্মরত। তার সৈনিক নম্বর-১০০৭৫৪৩। আল মোমেনকে সামরিক আদালতে বিচার তথা কোর্ট মার্শাল করার জন্য থানা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত এক দিনের রিমান্ড দিয়েছে। এ চক্রে আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আগে কোনো মামলা হয়েছে কি না সেটা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।