লেখক প্রকাশকদের আড্ডায় শুধু পরচর্চা আর বিষোদগার হয় না, দারুণ কিছুও যে হয় তার নজির মিলবে এবার বইমেলায়। তুষার দাশ, সিদ্ধার্থ হক, ফারুক মঈনুদ্দীন এবং সৈয়দ ইশতিয়াক রেজা। চার বন্ধু, চার আড্ডাসারথি। তাতে যুক্ত হন কখনো কখনো অন্য লেখক-প্রকাশকরাও। চারজনের মধ্যে তিন কবিবন্ধুর কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে অমর একুশে বইমেলায়। তুষার দাশ এবং সিদ্ধার্থ হকের বই আগে প্রকাশিত হলেও এবারই প্রথম প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজার কবিতার বই প্রকাশিত হচ্ছে। তার প্রথম কবিতার বইয়ের নাম ‘আপন আলাপ’। প্রায় বিশ বছর ধরে লেখালেখির পর কবি ও সাংবাদিক বন্ধুদের চাপে কবিতার বই করছেন বলে জানান তিনি। জানতে চাইলে তিনি বলেন, ‘কত কবিতা হারিয়ে গেছে! সংগ্রহে রাখতে পারিনি। বাসা বদলে কবিতার খাতা হারিয়েছে। বন্ধুদের চাপেই আবার লেখা শুরু এবং প্রকাশ করা।’ বইটিতে দীর্ঘ সময়ে লেখা তার কবিতাগুলো থেকে বাছাই করা ৪২টির বেশি কবিতা স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।
ইশতিয়াক রেজার দুই প্রখ্যাত কবিবন্ধু তুষার দাশ ও সিদ্ধার্থ হকের কবিতার বই দুটির নাম যথাক্রমে দুর্বৃত্তের উপাসনালয় এবং অন্ধকার। নির্জনপ্রিয় এই দুই কবির বইয়ের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা ও রাজীব দত্ত। পাঞ্জেরীর প্রকাশক কামরুল হাসান শায়ক জানান, ‘এক তুমুল সাহিত্য আড্ডায় এই চারবন্ধুর বই প্রকাশের পরিকল্পনা হয়, পরিকল্পনা মোতাবেক তিন বন্ধুর কবিতা এবং এক বন্ধুর প্রবন্ধের বই করছি আমরা, প্রবন্ধের বই হচ্ছে কথাসাহিত্যিক ও অনুবাদক ফারুক মঈনুদ্দীনের। বইটির নাম ‘মার্কেসের জাদু, নোবেলের বাস্তবতা ও অন্যান্য’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইমেলায় পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ৯ নম্বর প্যাভিলিয়নে চার বন্ধুকেই আড্ডা দিতে দেখা যাবে বলে জানিয়েছেন প্রকাশক।