ফরিদপুরের সদরপুর উপজেলায় শাহজাহান বেপারী (৪০) নামের এক চালককে খুন করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দুপুরে উপজেলার চর মোনাই ইউনিয়নের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান বেপারীর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামে। তার বাবার নাম আমিন বেপারী।
সদরপুর থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রামের একটি সরিষাক্ষেত থেকে শাহজাহানের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শাহজাহান। বারবার তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।