আন্দোলন নিয়ে বিএনপির দম ফুরিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আন্দোলন নিয়ে বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে তারা। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপিকে পুরাতন হয়ে যাওয়া গাড়ির সঙ্গে তুলনা করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী গতকাল বিকেলে আগামী রবিবার প্রধানমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষে জনসভা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। কয়েক দিন বিরতি দিয়ে একটি প্রোগ্রাম করে। গাড়ি যখন পুরাতন হয়ে যায় তখন ওইটা চলে না। তখন কদিন পরপর ওইটাকে স্টার্ট দিতে হয়। বিএনপির কয়েক দিন পরপর কর্মসূচি হচ্ছে ওই পুরনো গাড়ির মতো। যেটা চলে না সেটার স্টার্ট দেওয়ার মতো। এখন দেখলাম গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, বিএনপিরও তেমন দম ফুরিয়ে গেছে। এ জন্য তারা নীরব পদযাত্রা করবে। আমাদের সঙ্গে অন্য দলের পার্থক্য আওয়ামী লীগ সবসময়ই মানুষের পাশে থাকে। জনগণের সঙ্গে থাকে। আমরা জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’ ড. হাছান বলেন, ‘এটা নির্বাচনের বছর। এক বছরেরও কম সময়ে মধ্যে দেশে সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসেবে বিভিন্ন জনসভায় এরই মধ্যে ভোট চাওয়া শুরু করেছেন। আমরাও দলের কর্মী হিসেবে ভোট চাইছি। আমরা সারা বছর মানুষের কাছে থাকি। শুধু এখন ভোট চাইছি তা নয়। আমরা গত ১৪ বছর মানুষের সঙ্গে থেকেছি। মানুষের খোঁজখবর রেখেছি। মানুষের সুখে-দুঃখে শুধু আওয়ামী লীগকেই পাওয়া গেছে। দুর্যোগকালে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাজশাহীর জনসভায় বেশ কিছু উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করবেন। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এ মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক হবে। পুরো শহর জুড়েই সেদিন জনসভা হবে।’

তথ্যমন্ত্রীর মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারাসহ আওয়ামী লীগের নেতারা।