করোনায় সাধারণ মানুষের তুলনায় কিডনি রোগীদের মৃত্যুঝুঁকি ১০ গুণ বেশি। ডায়ালাইসিসের রোগীদের ৫০ শতাংশ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগীদের মৃত্যুঝুঁকি শতকরা ৫০ শতংশ। ক্রনিক কিডনি ডিজিজের রোগীদের করোনা হওয়ার ঝুঁকিও অনেক বেশি। এমনকি এ ভাইরাসে আক্রান্তদের ১২ শতাংশ হতাশায় ভুগছেন। করোনার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার বিএসএমএমইউয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে এ গবেষণার ফল উপস্থাপন করা হয়। এ সময় জানানো হয়, ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ৮৪০ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর ওপর এ গবেষণা চালানো হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনার টিকার কার্যকারিতা কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগীদের ক্ষেত্রে অনেক কম। ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা শতকরা ৮৭ ভাগ। করোনার টিকা নেফ্রাইটিস রোগের পুনরাগম ঘটাতে পারে।
এ ব্যাপারে গবেষণাদলের প্রধান ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে পেশাজীবীদের মধ্যে করোনায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা বেশি মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত চিকিৎসকদের ৪০ শতাংশ ও ৩৪ শতাংশ নার্স লং কভিডে ভুগেছেন। যাদের ডায়াবেটিস ছিল না করোনায় তাদের ডায়াবেটিস হয়েছে। করোনায় অনেকের মায়োপ্যাথি হয়েছে। এছাড়া করোনায় আক্রান্তদের ১২ শতাংশ ডিপ্রেশনে ভুগছেন। তাদের এ অবস্থা থেকে চিকিৎসাসেবার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব চিকিৎসকদের গবেষণার কাজ করতে হবে। একবার গবেষণার কাজ করলেই হবে না। ধারাবাহিকভাবে গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সিম্পোজিয়ামে জানানো হয়, ডায়াবেটিস, ওজনাধিক্য, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ। অন্যদিকে কভিড নিউমোনিয়া একটি সংক্রামক রোগ। কভিড হলে এই দুই ধরনের রোগের কিছু জটিলতা দেখা যায় এবং একটি রোগের দ্বারা অন্যটি প্রভাবিত হয়। তাই কভিড নিউমোনিয়া হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে যাবার সম্ভাবনা থাকে। অন্যদিকে যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে তাদের কভিড জটিলতাও বেশি হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, সব কভিড আক্রান্ত রোগীর মাঝে ১০ শতাংশ রোগীর ডায়াবেটিস আছে এবং তাদের ১৫ শতাংশের চিকিৎসাধীন থাকার প্রয়োজন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিআইসি’র মতে, যাদের ওজনাধিক্য, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে তাদের কভিডের টিকা নিতে হবে। তবে অবশ্যই টিকা গ্রহণের সময় রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকতে হবে। তবেই টিকা দেওয়ার পর একজন ব্যক্তি কভিড থেকে সুরক্ষা পাবে। কভিডপরবর্তী কিছু জটিলতা নিয়েও কিছু রোগী আমাদের কাছে আসছেন। তাকে পোস্ট-কভিড অথবা লং কভিড সিনড্রোম বলা হয়। দুর্বলতা, গায়ে ব্যথা, মাথাধরা, ঘুম কম হওয়া ইত্যাদি সমস্যা নিয়ে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে টিকা গ্রহণের মাধ্যমে কভিড-জটিলতা প্রতিরোধ অনেকাংশে কমানো সম্ভব।
ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, কভিড শেষ হয়ে যায়নি। বিশ্বের অনেক দেশেই কভিড রয়েছে। কভিডের সংক্রমণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।
সিম্পোজিয়ামে ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সালেহ আহমেদ, বারডেমের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিয়া আফসানা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট ডা. মীর ইসারাকুজ্জামান একটি করে গবেষণাপত্র প্রকাশ করেন।