কারাবন্দি হাজতি-কয়েদিদের ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানো নিয়ে নীতিমালা প্রণয়নে কমিটি গঠন প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। কেন এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কারাবন্দিদের ক্ষেত্রে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানোসংক্রান্ত কারা আইন, ১৮৯৪-এর সংশ্লিষ্ট ধারা এবং কারাবিধির সংশ্লিষ্ট বিধিগুলোর নির্বিচার ও অকারণ প্রয়োগ কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে সেটিও জানতে চেয়েছে হাইকোর্ট।
এ-সংক্রান্ত জনস্বার্থে একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলারসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।
সম্প্রতি গাজীপুর ও শরীয়তপুরে মায়ের মৃত্যুর পর বিএনপির দুই নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে জানাজায় হাজির করা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২৬ জানুয়ারি এ রিট আবেদনটি করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, গত বছরের ২০ ডিসেম্বর মায়ের মৃত্যুর খবরে প্যারোলে মুক্তির পর গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের মো. আলী আজম খান ও ১৫ জানুয়ারি শরীয়তপুর সদরের সেলিম রেজাকে ডান্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজায় হাজির করানো অমানবিক, নিষ্ঠুর বিবেচনায় কেন তাদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল দিয়েছে আদালত।
তিনি আরও বলেন, ‘মায়ের জানাজায় অংশ নিতে দুজনকেই ডান্ডাবেড়ি পরিয়ে হাজির করা হয়। তারা কোনো তালিকাভুক্ত আসামি কিংবা সন্ত্রাসী নন। রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসাবশত ইচ্ছাকৃতভাবে দীর্ঘ দিনের পুরনো কারাবিধি ব্যবহার করে তাদের ডান্ডাবেড়ি পরানো হচ্ছে। এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর আচরণ সংবিধানের ৩৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আমরা আদালতে প্রতিকার চেয়েছিলাম। হাইকোর্ট রুল দিয়েছেন।’