অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে প্রকবি কলি বড়ালের প্রথম কাব্যগ্রন্থ ‘জলনীলী’। বইটি বেরিয়েছে উৎসব প্রকাশন থেকে, যা পাওয়া যাবে ২১২ ও ২১৩ নম্বর স্টলে।
কবি কলি বড়ালের জন্ম বরগুনার পাথরঘাটায়। লেখালেখির পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন শিক্ষকতা পেশায়। মাত্র তিন বছর বয়সে গানে হাতেখড়ি হয় তার। এছাড়াও মঞ্চে অভিনয়ের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনে তার পদযাত্রা।
তিনি জানান, বাবার অনুপ্রেরণা ও উৎসাহে গান, আবৃত্তি, কবিতার মায়ায় পড়ে যান কলি। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস ছিল তার। সেই থেকেই এই জগত ভালোবেসে ফেলেছেন। প্রায়শই নিজেরে ভাবনাগুলো টুকে রাখেন।
বইটি সম্পর্কে তিনি বলেন, ‘জলনীলীর’ প্রতিটি কবিতায় মানুষের বৈচিত্র্যময় মনের বহিঃপ্রকাশ ঘটেছে। ওঠে এসেছে জীবনে ঘটে যাওয়া বাস্তবতা। ঠিক যেন শৈবালের মতো ভেসে বেড়ানো মানুষের জীবন।
লেখালেখি নিয়ে কলি বড়াল বলেন, 'আমি ছেলেবেলায় ভালো গল্প বলতাম। মনের আনন্দ থেকেই এসব কাজ করতাম। লেখক হবো কখনো ভাবিনি, বরং গাইতে চেয়েছিলাম। তবে ওই যে দিনশেষে মানুষ ভেতরে যা থাকে, তার প্রকাশ ঘটে। হয়তো কিছুটা আগে অথবা পরে। তাই সৃষ্টিশীল চিন্তা-ভাবনা ছড়িয়ে বেঁচে থাকতে চাই পাঠক হৃদয়ে।'