সৌরভ সিকদার একজন ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিভিন্ন বিষয়ে রয়েছে তার ৩৮টি বই। এবার মাওলা ব্রাদার্স থেকে ‘চেনা জাপান অচেনা গল্প’ নামে ভ্রমণবিষয়ক বই বেরিয়েছে এ লেখকের।
তিনি বলেন, লেখক হিসেবে সবসময় চিন্তাশীল আলোকিত পাঠক চাই। একটা ভালো লেখা জীবন বদলে দিতে পারে। নিজের ভ্রমণবিষয়ক বই নিয়ে জানতে চাইলে সৌরভ সিকদার বলেন, নানান সময় আমি জাপানে গিয়েছি। সেখানকার মানুষকে মানুষকে দেখেছি। তারা ভিন্ন ভাষার হলেও অচেনা মানুষ পেলে তারা প্রাণ দিয়ে ভালোবাসে। সাহায্যের মানসিকতা লালন করে। আমাদের সমাজে ভালো মানুষের বড্ড অভাব। আমাদের সমাজের জন্য ভালো মানুষ তৈরি হয়ে ওঠা খুব জরুরি।
কবিতা নিয়ে এ লেখক বলেন, কবিতা জাগরণের ব্যাপার। সংকটের বিপরীতে দাঁড়িয়ে কবিতার ভাষা দিয়ে একটা রাষ্ট্রের পরিবর্তন আনা যায়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানুষের মধ্যে শক্তির জোগাড় করে কবিতা।
তিনি বলেন, পাঠকরা যেমন লেখক তৈরি করেন, তেমনি লেখকরাও পাঠকদের আকৃষ্ট করতে চেষ্টার ত্রুটি রাখতে পারবেন না। উচিত হবে পাঠক-লেখকের মাঝে সম্পর্ক গড়ে ওঠার। নয়তো আমরা প্রতি বছর মেলা করব, নতুন নতুন বই আসবে। কিন্তু কাজের কাজ কিছুই হবে না।