গাজীপুরের কাপাসিয়ায় যৌন নিপীড়নের শিকার হয়ে শাহরিয়া শারমিন বন্যা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত রবিবার রাতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মৃত শাহরিয়া শারমিন বন্যা কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর গ্রামের বাসিন্দা এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রবিবার দুপুরে বান্ধবীর জন্মদিন উপলক্ষে উপহার কিনে পাশের মনোহরদী উপজেলার নারান্দী বাজার থেকে বাড়ি ফেরার পথে জহিরুল ইসলাম নামে এক যুবক ও তার বন্ধুরা বন্যার গতিরোধ করে। এ সময় জহিরুল তাকে বাজে প্রস্তাব দেয় এবং গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বাড়ি ফিরে মাকে বিষয়টি জানালে তিনি এ নিয়ে বন্যাকে বকাঝকা করেন। একপর্যায়ে রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বন্যা। পরে বাড়ির লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে পাশের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার লাশ নিয়ে বাড়ি এসে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় বন্যার মা ফেরদৌসী বেগম বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে একটি মামলা করেছেন। জহিরুল ইসলাম সনমানিয়া ইউনিয়নের চর আলীনগর গ্রামের বাসিন্দা।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম দেশ রূপান্তরকে বলেন, ‘জহিরুল বখাটে ও মাদকাসক্ত। সে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’