এবার ভারত হয়ে বাংলাদেশে এসেছে রূপপুরের মালামাল

এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল ভারত হয়ে মোংলা বন্দরে এসেছে। সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯ জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত মালামাল খালাস হয় ভারতে। এরপর ভারত থেকে আনা হয়েছে এ দেশে।

স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের পরিচালক আলহাজ এইচ এম দুলাল জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সেঁজুতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে ১ হাজার ৪৮ টন স্ট্রাকচার ও মেশিনারি পণ্য রয়েছে। রাতেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু পর সড়ক পথে তা যাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে।

তিনি বলেন, রাশিয়া থেকে সরাসরি নয়, ট্রানজিটের মাধ্যমে এমভি সেঁজুতি রূপপুরের মালামাল নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। তবে এটিই রূপপুরের পণ্যের প্রথম ভারতীয় ট্রানজিট চালান। এর আগে রূপপুরের সব পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে। গত ২২ জানুয়ারি এমভি কামিল্লা ও ২৯ জানুয়ারি এমভি আনকাসান এবং সাপোডিলা রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি এসেছিল মোংলা বন্দরে।

সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এর আগে রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা এমভি উরসা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভেড়ার শিডিউল ছিল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞায় তা সম্ভব হয়নি। পরে অবশ্য ওই জাহাজটি পণ্য খালাসের জন্য ভারতে গেলে সেখানেও খালাস করতে না পারায় ফেরত যায় উরসা মেজর। যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞায় রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্যমহলে সমালোচনার সৃষ্টি হয়।