প্রকাশনায় নতুন দিগন্ত ‘কিন্ডারবুকস’

ছোটদের বইয়ের জন্য এবারের বইমেলায় নজর কেড়েছে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান ‘কিন্ডারবুকস’।

বইয়ের অলঙ্করণ, পৃষ্ঠা-সজ্জা, ছবি-চিত্র ও ইলাস্ট্রেশনের জন্য শিশু-কিশোর ও অভিভাবকদের কাছে সমাদৃত হচ্ছে ‘কিন্ডারবুকস’-এর বইগুলো।

প্রথমবারের মতো অমর একুশে বইমেলায় অংশ নিলেও প্রতিষ্ঠানটির লেখক তালিকা বেশ সমৃদ্ধ। লুৎফর রহমান রিটনের ছড়ার বই ‘ফেল্টুস? চড় খাবি!’ বেরিয়েছে কিন্ডারবুকস থেকে। আহসান হাবীবের হাতে-আঁকা বই ‘ছোটদের ইলাসট্রেটেড জোকস ১’ ও ‘ছোটদের ইলাসট্রেটেড জোকস ২’ প্রকাশ করেছে কিন্ডারবুকস। বইমেলায় নজর কেড়েছে শ্রীলঙ্কার লোককাহিনি মাহাদেনা মুত্তা ও মোস্তফা মামুনের ‘ভুতুড়ে পার্ক’।

কিন্ডারবুকস প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- কমলেশ রায়ের সায়েন্স ফিকশন অসীম আলো ও অস্ট্রিক আর্যুর রারা ও লাল বলসহ ছোটদের জন্য মজার মজার রঙিন সব বই।

‘চিরায়ত গল্প সিরিজ’-এর দুটো বই মেলায় এনেছে কিন্ডারবুকস। বই দুটো হলো- তোতাকাহিনী ও সুয়োরানীর সাধ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বই দুটির পাতায় পাতায় হাতে-আঁকা ছবি যে কোনো পাঠককেই মুগ্ধ করবে।

ছোটদের জন্য দুটো অনুবাদ বই এনেছে কিন্ডারবুকস। সাইবার সচেতনতার গল্প ‘সাইবার বন্ধুর ফাঁদ’ ও ‘খুব ছোট! খুব বড়!!’ সচেতন অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

‘কিন্ডারবুকস’-এর লেখকতালিকায় আরও রয়েছেন- ধ্রুব এষ, তাপস রায় ও আহমেদ রিয়াজসহ অনেক গুণী লেখক।

‘কিন্ডারবুকস’-এর প্রকাশক মাহমুদুল হাসান। যুক্তরাষ্ট্রের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করা মাহমুদুল হাসান তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী।

তিনি জানালেন, তার স্বপ্ন, দেশের জন্য বিশ্বের সেরা কিছু করতে চান তিনি। সে লক্ষ্যে তিনি ‘কিন্ডারবুকস’ প্রতিষ্ঠা করেছেন।আগামী দিনে ফ্রাঙ্কফুর্ট, গুটেনবার্গ, লন্ডন, হংকং ও তেহরানসহ বিশ্বের বিখ্যাত বইমেলাগুলোতে অংশগ্রহণ করতে চায় ‘কিন্ডারবুকস’। বিশ্বের সর্ববৃহৎ শিশুদের বইমেলা ইতালির বোলোনিয়া পর্যন্ত পথ চলতে চায় ‘কিন্ডারবুকস’।

মাহমুদুল হাসান জানান, ‘কিন্ডারবুকস’-এর বইগুলো একটু আলাদা, একটু অন্যরকম নান্দনিক। পৃষ্ঠায় পৃষ্ঠায় ছবি-চিত্র-ইলাস্ট্রেশন। আমাদের শিল্পীরা নিপুণ হাতে এই ছবিগুলো আঁকেন। ছবিতে রঙের ব্যবহার, টেক্সটের সঙ্গে যোগসূত্র, চোখের দেখায় কতটুকু আরামদায়ক- এই বিষয়গুলো আমাদের আঁকায়-রেখায় আলাদা মনোযোগ পায়।

তিনি বলেন, ‘কিন্ডারবুকস’-এর লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের শিশু-কিশোরদের মননের বিকাশ ঘটানো। সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলা। সর্বোপরি দেশের কল্যাণে উদ্দীপ্ত, সুন্দর, সৎ ও মহৎ হৃদয়ের মানুষ গড়ে তোলা। আর এর জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে বই।

অন্যদিকে অমর একুশে বইমেলায় ‘সাড়ে ৩ দিনের পত্রিকা’ নামে একটি শিশু-কিশোর অর্ধ-সাপ্তাহিক প্রকাশ করছে কিন্ডারবুকস। সপ্তাহে দুটি করে বইমেলাজুড়ে পত্রিকাটির মোট ৮টি সংখ্যা বের হচ্ছে। ঝকঝকে ছাপা ও ম্যাট পেপারে চার-রঙা পত্রিকাটি বিনামূল্যে বইমেলার পাঠকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এতে অতিথি সম্পাদক হিসেবে যুক্ত আছেন সেলিনা হোসেন, আহসান হাবীব, ধ্রুব এষ ও লুৎফর রহমান রিটন। লেখক-তালিকায় আছেন আহমদ রফিক, আবদুল্লাহ আবু সায়ীদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মোহিত কামাল, রফিকুর রশীদ, আহমেদ রিয়াজ, ফারুক মাহমুদ, ফারুক নওয়াজসহ দেশের প্রখ্যাত লেখকেরা।