ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রিতী রাণী (২২) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের উপজেলার ভুষিরবন্দর এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এই ঘটনা ঘটে।

নিহত প্রিতী রাণী নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। প্রিতী দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

দশমাইল হাইওয়ে থানার এএসআই মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রিতী রাণী বেলা সাড়ে ১১টায় ভ্যান যোগে বাড়ি থেকে ভুষিবন্দরের উদ্দেশ্যে বের হন। দুপুর ১২টায় ভ্যানটি আত্রাই নদীর ব্রিজের কাছে পৌঁছালে সামনের দিক থেকে দিনাজপুরমুখী একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।