অনেকের চোখ দেখতে ছোট মনে হয়। তারা আই মেকআপ করতে গিয়ে প্রায়ই দ্বিধায় থাকেন। কীভাবে চোখ সাজাবেন বুঝতে পারেন না। কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই চোখ সাজিয়ে তুলতে পারবেন। জানালেন রূপবিশেষজ্ঞ শোভন সাহা
কনসিলার
চোখের নিচে ডার্ক সার্কেল ও পাফিনেস থাকলে চোখ ছোট মনে হয়। তাই মেকআপের আগে চোখের নিচে কনসিলার ব্যবহার করতে হবে। কনসিলারের শেড হবে ফাউন্ডেশনের এক শেড হালকা। এ ছাড়া আইলিডের কনসিলার দিয়ে ব্লেন্ড করুন। এতে চোখ সুন্দরভাবে ফুটে উঠবে এবং বড় দেখাবে।
আইব্রো : ঠিকঠাক আইব্রো শেপ মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। গোলাকার মুখে ভার্টিক্যাল আইব্রো শেপ বেশি মানায়। চারকোনা মুখে ভ্রুর কোনা শার্প ও চিকন রাখতে হয়। এখন মোটা আইব্রোর বেশ ট্রেন্ড। আই মেকআপ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আইব্রোর শেপে খেয়াল রাখতে হবে।
আইশ্যাডো
ছোট চোখ বড় দেখানোর জন্য নিউট্রাল ও ন্যাচারাল শেইডের আইশ্যাডো বেছে নিন। হালকা রঙে রিফ্লেকশন বেশি হয়, চোখ তুলনামূলক বড় দেখায়। খুব বেশি কালারফুল আই মেকআপ এড়িয়ে চলতে হবে। কারণ ডার্ক আইশ্যাডো বেশি পরিমাণে ব্যবহারে চোখ আরও ছোট দেখায়।
ন্যুড কাজল
ছোট চোখ বড় দেখানোর জন্য ব্যবহার করতে হবে ন্যুড বা সাদা রঙের কাজল। সাদা কাজলে চোখের চার পাশের উজ্জ্বলতা বাড়ে আর ন্যুড কাজলে চোখের আকার বড় লাগে। পুরো চোখে কালো কাজল মোটা করে দিলে চোখ আরও ছোট দেখায়।
আই মেকআপ
বেশি গাঢ় আই মেকআপ ছোট চোখে মানায় না, কিন্তু স্মোকি আই মেকআপের মাধ্যমে চোখ বড় করতে পারবেন সহজেই। এ জন্য চোখের ইনার ও আউটার পার্টে গাঢ় আইশ্যাডো দিন। আইলিডের মাঝ বরাবর লাইট গ্লিটারি আইশ্যাডো দিলে দেখতে ভালো লাগবে। আবার ন্যাচারাল আইলুকের সঙ্গে কালো আইলাইনারের বদলে রঙিন আইলাইনার বেছে নিন।
আইলাইনার
ছোট চোখে মোটা করে আইলাইনার মানায় না। চোখে টেনে চিকন করে আইলাইনার দিলে ভালো লাগবে। সঙ্গে চোখের ইনার সাইডে হালকা বা উজ্জ্বল রঙের শিমার বা হাইলাইটার ব্যবহারে চোখ সুন্দর লাগবে।
মাশকারা
ছোট চোখের মেকআপে মাশকারা দিতে হবে। দুই কোট মাশকারা দিলে আইল্যাশে ভলিউম বা ঘনত্ব বাড়বে। চাইলে আইল্যাশও ব্যবহার করতে পারেন।