গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এক মিসরীয় জেলেকে। আল-ফালাহ নামের ওই জেলের বিরুদ্ধে লিবিয়া থেকে পাঁচশোর বেশি মানুষকে গ্রিসে পাচারের অভিযোগ উঠেছিল। এই কাজটি তিনি করেছিলেন গত বছরের নভেম্বরে। বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণ হলে গত সপ্তাহে অভাবনীয় মেয়াদের এই সাজা দেওয়া হয় আল-ফালাহকে। ইউরোপিয়ান টেলিভিশন নিউজ নেটওয়ার্কের (ইউরোনিউজ) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ৩৩৬ পুরুষ, ১০ নারী এবং ১২৮ জন কিশোর-কিশোরীকে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশে সহায়তা করেন আল-ফালাহ। অবশ্য পরে শাস্তির মেয়াদ কমিয়ে ২৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
তবে এই রায়ে ভীষণ চটেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিক কর্র্তৃপক্ষ।
জানা গেছে, গ্রিসের ক্রিট বন্দরে ২০২২ সালের নভেম্বরে যখন অভিবাসীবাহী নৌকাটি আসে, তখন তা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী মিশরীয় জেলে আল-ফালাহ। উপকূলের কাছাকাছি এসে ঝড়ো বাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারালে, গ্রিক কোস্ট গার্ডে বিপদ সংকেত পাঠানো হয় নৌকা থেকে। পরে কোস্ট গার্ড সদস্যদের সহায়তায় নৌকাটি উপকূলে আসে।