না.গঞ্জে ভবনে বিস্ফোরণ শ্রমিক নিহত, আহত ৯

রাজধানীর সায়েন্সল্যাব ও পুরান ঢাকার সিদ্দিকবাজারের পর এবার নারায়ণগঞ্জে একটি ভবনের খাদ্যগুদামে বিস্ফোরণ হয়েছে। এতে আওলাদ হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত ও নয়জন জন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় প্রায় শতবছরের পুরনো ওই ভবনে এ ঘটনা ঘটে। ভবনটি ডাল, চাল, ভুসি, লবণ, কাগজের গোডাউন ছিল।

তৎক্ষণাৎ বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ভবনের ভেতরে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

দগ্ধরা হলেন দিনমজুর হযরত আলী (৪০), মোহাম্মদ হোসেন (৪০), মুদিদোকানের কর্মচারী রবি দত্ত (৪০), মো. জাকির হোসেন (৪১), ট্রাকচালক মো. বিল্লাল হোসেন (৪৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০), রিকশাচালক রেজাউল করিম (৫০), জগদীশ সরকার (৬৫) ও মো. শাহজাহান (৪০)।

নিহত আওলাদের সহকর্মী আলমগীর হোসেন জানান, তারা নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলেন ঠেলাগাড়িতে। রাস্তায় জ্যাম ছিল। কেউ হেঁটে যাচ্ছিল। এমন সময় হঠাৎ পাশের একটি দোতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে সেখনাকার ইট এসে তাদের মাথার ওপর পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়ে। তাদের মধ্যে আওলাদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সাতজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। ভর্তি অজ্ঞাতনামা ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, রেজাউলের ৭ শতাংশ, শাহজাহানের ৫০ শতাংশ ও জগদীশের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের পুরনো ভবনটির ওপরের তলা ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এরপরেও ভবনটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। বিস্ফোরণে ভবনের পেছনের একাংশ ধসে পড়েছে। যেকোনো সময় পুরো ভবনটি ধসে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে গত ৫ মার্চ রাজধানীর সায়েন্সল্যাবে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়। ৭ মার্চ পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন প্রাণ হারায়। এরপর নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এ ঘটনা ঘটল।

নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আবদুল কাদির জানান, ভবনটির মালিক জেলা আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ান। ভবনটি প্রায় শত বছরের পুরনো। দশ বছর আগে ভবনটির ওপরের তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

নারায়নগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন ও দশজন আহত হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারী উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, অগ্নিকান্ডের পর ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ভবনের ভেতর গ্যাসের পাইপ রয়েছে, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।