রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবক হত্যা

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। ৫-৭ জন মুখোশধারী দুষ্কৃতকারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুষ্কৃতকারীরা মাহবুবের বুক লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহবুবকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।