অভিন্ন নদী তিস্তার পানি প্রত্যাহারে দুটি খাল খননের বিষয়ে নয়াদিল্লির কাছে কূটনৈতিক চিঠির (নোট ভারবাল) মাধ্যমে জানতে চেয়েছে ঢাকা। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিস্তা নদীর বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠিয়েছে কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, তাদের চিঠি পাঠানোর কথা। কিন্তু সর্বশেষ তথ্য তার (পররাষ্ট্র সচিব) কাছে নেই। তিনি আরও বলেন, ‘তিস্তা নদীর পানি কমে যাচ্ছে এবং অন্যান্য বিষয়ে আমরা জানতে চেয়েছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তিস্তা নদীর উজানে পশ্চিমবঙ্গের খাল খননসংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে তথ্য জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নোট ভারবালে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘কিছু তো হয়নি। সুতরাং কিছু হওয়ার আগে...।’
রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র সচিব বলেন, টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় না বাংলাদেশ। এ জন্য সরকার সরল বিশ্বাসে (ইন গুড ফেইথ) মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।
মাসুদ বিন বলেন, ‘তাদের (মিয়ানমার) মনে কী আছে, সেটি আমি এ মুহূর্তে বলতে পারছি না। সেটি সময় বলে দেবে। তবে আমরা সরল বিশ্বাসে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং গত পাঁচ-ছয় মাস তাদের দিক থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। সময় বলে দেবে, আগামী ছয় মাসে এটি টেকসই হবে কি না।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘১১ লাখকে (রোহিঙ্গা) আমরা স্থান দিয়েছি এবং তাদের দেখভাল করছি গত পাঁচ বছরেরও বেশি সময়। আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের সাহায্য করছে। সুতরাং প্রত্যাবাসন টেকসই হবে, এ বিষয়ে আমরা নিশ্চিত না হলে বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না।’
তিনি বলেন, ‘পুরো পরিকল্পনা, অর্থাৎ প্রথম ব্যাচের পরে দ্বিতীয় ব্যাচের কী হবে, ফেরত যাওয়ার মোট সময় কত দেওয়া হবে, আমাদের সঙ্গে মিয়ানমারের অ্যারেঞ্জমেন্টে কিছুটা বলা আছে। কিন্তু প্রতিটি ধাপ বলা নেই। আমরা যখন তাদের সঙ্গে সম্মত হব প্রথম ব্যাচ পাঠানোর জন্য এবং তারপরের পদক্ষেপগুলো কী হবে, সেগুলো সম্পর্কে তাদের কাছ থেকে আমাদের সুস্পষ্ট ধারণা নিতে হবে। না হলে এটি টেকসই হবে না।’
মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রত্যাবাসন টেকসই হওয়ার পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। আপনারা যেভাবে দেখছেন, বিষয়টি আসলে সে রকম নয়।’ এটি কালকে শুরু হয়ে যাবে বা পরশু শুরু হয়ে যাবে, বিষয়টি সে রকম নয় বলে জানান তিনি।