নড়াইলের বড়দিয়ায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে গত শনিবার। প্রথম দিনের অনুষ্ঠানে পেট্রল বোমা ছোড়া হয়েছে।

শনিবার রাতে বড়দিয়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং অনুষ্ঠানের শেষে একটি বোমা ছোড়া হয়। বোমা বিস্ফোরণে কেউ হতাহত না হলেও আগুন ধরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয় দিনের অনুষ্ঠান স্থগিত করে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়। সন্ধ্যায় বৃষ্টির কারণে প্রতিবাদ হয়নি। পরে প্রতিবাদ জানানো হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘প্রলয় বাজাও গানে সাহস জাগাও প্রাণে’ প্রতিপাদ্যে উদীচী বড়দিয়া শাখার উদ্যোগে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৮ ও ১৯ মার্চ উদীচী উৎসবের আয়োজন করা হয়।

উদীচী বড়দিয়া সংসদের সাধারণ সম্পাদক প্রবীর রায় জানান, প্রথম দিন ১৮ মার্চ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে হাজারেরও বেশি দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলার সময় সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে থেকে মঞ্চের পেছনের দিকে প্রথমে একটি পেট্রল বোমা ছুড়ে মারা হয়। সেটি ফাঁকা জায়গায় পড়ে আগুন ধরে যায়। পাশের গাছপালা পুড়ে যায়। ওই ঘটনায় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকে। বিরতি দিয়ে আবার অনুষ্ঠান শুরু হলে রাত সাড়ে ৯টার দিকে একই দিক থেকে মঞ্চের সামনে আরেকটি পেট্রল বোমা মারা হয়। বোমাটি বিস্ফোরিত হয়নি। উপস্থিত লোকজন আবার ভয়ে ছোটাছুটি করে। কিছুক্ষণ বিরতির পর আবার অনুষ্ঠান শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক পর্বের সমাপ্তি হয়। রাত আড়াইটার দিকে আবারও মঞ্চে আরেকটি পেট্রল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মঞ্চের কিছু অংশ পুড়ে যায়।

উদীচী বড়দিয়া শাখা সংসদের সভাপতি দিলরুবা ইয়াসমিন জানান, পরিকল্পিতভাবে তিন দফায় অনুষ্ঠানে বোমা ছোড়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রবিবার সকালে উদীচী বড়দিয়া শাখা সংসদের জরুরি বৈঠক ডাকা হয়। সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল করে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

৬নং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা বি এম বরকতউল্লাহ জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। তবে অনুষ্ঠান চলাকালে ও পরে পেট্রল বোমা ছোড়ার ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে। তিনি জানান, দ্বিতীয় দিনে র‌্যালি ও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে এবং প্রতিবাদী সংগীত পরিবেশন করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে প্রতিবাদ হয়নি। পরে প্রতিবাদ জানানো হবে।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, ‘পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। ঘটনা তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’