ইফতারের টেবিলে পুষ্টি ও স্বাদ অটুট থাকুক। রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
চিকেন তান্দুরি পকেট
উপকরণ
পুর তৈরি : চিকেন কিমা ১ কাপ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, টক দই সিকি কাপ, টালা জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, চাট মসলা আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, তান্দুরি মসলা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, ব্রেড১০ পিস, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে তেল দিয়ে আদা-রসুন কুচি ও কিমা দিয়ে ভাজুন।
২. এবার ক্যাপসিকাম ও টমেটো কুচি, লবণ, চিলি ফ্লেক্স, তান্দুরি মসলা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিন। হয়ে গেলে দিয়ে নামিয়ে ফেলুন। এর মধ্যে মজেরোলা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩. ব্রেডকে চারপাশ থেকে কেটে নিন। এবার ব্রেড হালকা পানিতে ভিজিয়ে এর মধ্যে রান্না করা পুর দিয়ে অন্য একটা ব্রেড দিয়ে চারপাশ থেকে চেপে আটকিয়ে দিন।
৪. এবার ডুব তেলে ভেজে নিন।
চিংড়ির কাটলেট
উপকরণ
চিংড়ির কিমা ২৫০ গ্রাম , ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, পাউরুটি ১ পিস, ডিম ১ পিস, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া আধা কাপ, তেল আদা কাপ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চিংড়ির কিমার জন্য চিংড়ির মাথা ও লেজ ছাড়িয়ে কিমা করে তার সঙ্গে ডিম দিয়ে আবারও ব্লেন্ড করুন।
২. মিশ্রণের সঙ্গে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গোল মরিচের গুঁড়া, লবণ, পানিতে ভিজিয়ে রাখা পাউরুটি, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩. ছোট ছোট কাটলেট বানিয়ে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে রাখুন।
৪. ফ্রাইপ্যানে তেল গরম করে কাটলেটগুলা ছেড়ে দিন।
৫. দশ মিনিট ফ্রাই করি এরপর নামিয়ে পরিবেশন করি।
ভেজিটেবল ডোনাট
উপকরণ
পুইশাক কুচি আধা কাপ, গাজর কুচি আদা কাপ, আলু কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২টি, চ্যাট মসলা ১ চামচ, লবণ ১ চা চামচ, বেসন আধা কাপ, চালের গুঁড়া ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সবজি কুচি করে ভালোভাবে ধুয়ে নিন।
২. বাটিতে সবজির সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চ্যাট মসলা, লবণ, বেসন, চালের গুঁড়া দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
৩. প্রথমে গোল করে পরে চ্যাপটা করে নিয়ে মাঝখানে একটি আঙুল দিয়ে ছিদ্র করে ডোনাটের মতো করে তৈরি করে রাখুন।
৪. কড়াইয়ে তেল গরম করে ডোনাট দিয়ে বাদামি করে ভেজে টিস্যুর ওপর নিয়ে বাড়তি তেল ঝরিয়ে পরিবেশন করুন।
শাহি হালিম
উপকরণ
গরুর মাংস ১ কেজি, টক দই আধা কাপ, গরুর মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, সিদ্ধ বুটের ডাল ১ কাপ, সিদ্ধ মুগের ডাল ১ কাপ, সিদ্ধ মসুর ডাল ১ কাপ, পোলাওর চাল আধা কাপ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, টালা জিরার গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ সিকি চা চামচ, গরম মসলার গুঁড়া ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ২টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. মাংসকে টক দই দিয়ে তিন-চার ঘণ্টা মেরিনেট করুন।
২. ফ্রাইপ্যানে তেল গরমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে কাঁচামরিচ ফালি বাদে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৩. এবার এর মধ্যে মাংস দিয়ে ভালো করে নেড়ে দশ মিনিট ঢেকে দিন। মাংস থেকে পানি বের হলে এর মধ্যে কিমা ও পোলাওর চাল দিয়ে দুবার কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিন।
৪. মাংস সেদ্ধ হয়ে এর মধ্যে সব রকমের ডাল দিয়ে আল্প আঁচে রান্না করুন।
৫. হয়ে গেলে নামিয়ে আদা কুচি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।