টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মান্নান শিকদারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে টেংরা মাদলা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা।
বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় সমিতির কার্যালয়ে সামনে মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে মান্নান শিকদারের বিরুদ্ধে সমিতি ও সদস্যদের ৭ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়। ওই সমিতির কোষাধ্যক্ষ থাকাকালে তিনি এসব অপরাধ করেছেন বলে বিক্ষুব্ধরা জানান।
সমিতির সদস্য রেবেকা বলেন, মান্নান শিকদার তাকে গাভী দেওয়ার কথা বলে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়েছে। এখন টাকা চাইতে গেলে মামলার ভয় দেখায়। তাই ইউএনওর কাছে অভিযোগ করেছেন। তার মতো আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি।
এ ব্যাপারে সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, টাকা আত্মসাতের অভিযোগে মান্নান শিকদারকে সর্বসম্মতিক্রমে কোষাধ্যক্ষ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আদালতে মামলাও হয়েছে।
অভিযোগ নিয়ে জানতে চাইলে মান্নান শিকদার বলেন, তিনি সমিতির কোনো টাকা আত্মসাত করিনি। অভিযোগ মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন।