শিক্ষার্থীসহ সড়কে নিহত ৫

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার শিক্ষার্থী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে থেমে থাকা একটি পিকআপে আরেক পিকআপ ধাক্কা দিলে নিহত হয়েছেন এক চালক, কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত হয়েছে এক স্কুলছাত্র, দিনাজপুরে অজ্ঞাত গাড়িচাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী, নরসিংদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে এক ব্যবসায়ীর এবং চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :

ঢামেক প্রতিনিধি জানান, পদ্মা সেতুর দক্ষিণপ্রান্তে থেমে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লেগে অন্য একটি পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। তার নাম কুদ্দুস শেখ (৩৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার সাত্তার শেখের ছেলে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কুদ্দুসের সহযোগী মো. আরিফ জানান, পদ্মা সেতুর ওপর একটি পিকআপ ভ্যান পার্কিং করা ছিল। তবে চালক কুদ্দুস সেটি বুঝতে পারেননি।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মইন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মইন কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। সে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র ছিল।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, অজ্ঞাত পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক কিশোর মইন ঘটনাস্থলেই নিহত হয়।

নরসিংদী প্রতিনিধি জানান, জেলার মনোহরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কামরুল আহসান কাজল (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান কাজল মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত শমসের আলীর ছেলে। তিনি মনোহরদী বাসস্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন বলেন, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য খোঁজ নেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় আবদুল মতিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার রহনপুরে একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মতিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। তার বাড়ি রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকাল ৮টার দিকে ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আবদুল মতিন। এ সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আবদুল মতিনকে উদ্ধার করে স্থানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় দিকে তার মৃত্যু হয়।

দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনের মোটরসাইকেল থেকে পড়ে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সদর উপজেলার শশরা ইউনিয়নের শিবডাঙ্গা এলাকার ভিদেশ চন্দ্র রায়ের ছেলে শৈলেন চন্দ্র রায় (৪০)। স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি দিনাজপুর শহরের দিকে আসছিল। তারা মোটরসাইকেলে তিনজন ছিল। বেপরোয়া গতির কারণে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনের শৈলেন পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। সে সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি শৈলেনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।