ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ঘিরে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ শুক্রবার থেকে শুরু হবে। এবার ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিন অর্থাৎ আজ বিক্রি হবে ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরুর দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিক্রি করা হবে ২৫ এপ্রিলের টিকিট। এরপর ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।

রেল মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। এ ছাড়া ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

তারা আরও জানিয়েছে, টিকিট কিনতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘জধরষ ঝযবনধ’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।