প্রধান বিচারপতির মন্তব্য

টাকার পেছনে ছুটে ভালো আইনজীবী হওয়া যায় না

আইনজীবীদের অর্থ, গাড়ি-বাড়ির পেছনে ছোটার প্রবণতা ভালো আইনজীবী হওয়ার পথে অন্তরায় বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনজীবীদের শুধু টাকার পেছনে না ছুটে নৈতিক মানদন্ডের ভিত্তিতে আইন পেশা পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ল’ ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, সবার উদ্দেশ্য কীভাবে খুব দ্রুত অর্থ আয় করা যায়, গাড়ি-বাড়ি করা যায়। এটা আমি মনে করি ঠিক না।’ তিনি বলেন, ‘ভালো আইনজীবী হতে হলে প্রতিনিয়ত পড়াশোনার দরকার। শুধু টাকার দিকে না তাকিয়ে নৈতিক মানদন্ডে কাজ করে যেতে হয়, তাহলে একজন আইনজীবী যে সম্মান অর্জন করেন তা বিচারকদের চেয়ে কোনো অংশে কম নয়। তখন আইনজীবীকে টাকার পেছনে নয়, টাকাই আইনজীবীর পেছনে ঘুরবে।’

হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘সততা, সাধনা ও পড়ালেখা ছাড়া ভালো আইনজীবী হওয়া যায় না। দেশে হাজার হাজার আইনজীবী আছেন। কিন্তু ভালো আইনজীবীর সংখ্যা হাতেগোনা।’ তিনি বলেন, ‘অসৎ লোক এগুতে পারে, অর্থবিত্ত হতে পারে। কিন্তু তারা সমাজে ভালো মানুষ, ভালো ল’ ইয়ার হিসেবে নিজেদের তৈরি করতে পেরেছেন এমন দৃষ্টান্ত নেই।’

আইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘সৎ ও পরিশ্রমীদের আমরা জুডিশিয়ারিতে নেব। যে বিচার বিক্রি করবে, তাদের বিচারকের আসনে বসানো যাবে না। যারা পরিশ্রমী নয়, তাদেরও বসানো যাবে না। সৎ এবং পরিশ্রমীদের বিচারকের আসনে বসাতে হবে। বিনয়ী ও সৎ হতে হবে। যারা গ্রাম থেকে বিচার চাইতে আসা মা বয়সী, বাবার বয়সীদের দিকে দরদ দিয়ে তাকাবেন, তাদের সঠিক বিচার দেবেন। এভাবেই নিজেদের তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির মুখ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরাস উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ একরামুল হক প্রমুখ।