চকরিয়ায় তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় আসামি ধরার সময় তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পুলিশের তিন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ছিনতাই হওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিকুল ও মামুন। তারা চকরিয়া থানার নিয়ন্ত্রণাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত। এর মধ্যে শামীমের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, গতকাল রাতে হারবাং ফাঁড়ির এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল

তরিকুল ও মামুন বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় আসামি গ্রেপ্তারে অভিযানে যায়। পরে সড়কে রাকিব নামের এক যুবককে তল্লাশি করতে চাইলে সে পালিয়ে একটি বাড়িতে ঢুকে চিৎকার-চেঁচামেচি করে। চিৎকার শুনে স্থানীয়রা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুনকে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে তারা। হামলায় আহত এক পুলিশ সদস্যের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়। ওই সময় পুলিশের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ছিনতাই হওয়া শটগান বুধবার সকাল ৬টায় মহছনিয়াকাটা থেকে উদ্ধার হয়েছে। এসআই শামীমসহ দুই কনস্টেবলকে কুপিয়ে জখমের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।