চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।
এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হটলাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত সোমবার রাতে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। কয়েক ঘণ্টা পর মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় মধ্যরাতে আসে বিশেষ ঘোষণা। তাতেবলা হয়েছিল, ‘ঈদে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করেছে।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার বার্তা দেওয়া হলেও তার ২৪ ঘণ্টা পর এই সাবধানবাণী এলো।