রাজধানীতে স্বস্তির বৃষ্টি, তাপপ্রবাহ কমতে পারে

গত কয়েক দিন রাজধানীর আকাশে মেঘের দেখা ছিল না। কাঠফাটা রোদ আর প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয় মানুষের। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। ঠিক সন্ধ্যার আগে নামে স্বস্তির বৃষ্টি। একই সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অর্ধেক এলাকায় মৃদু তাপপ্রবাহ চলছে। বৃষ্টির কারণে এ তাপপ্রবাহ কমে আসবে।

গতকাল বিকেল ৪টা থেকে রাজধানীর আকাশে মেঘ জমতে শুরু করে। আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় বিকেলেও রাজধানীতে গাড়ি চলছিল হেডলাইট জ¦ালিয়ে। সাড়ে ৫টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় ঝড়। তুমুল ঝড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারদিক। বৃষ্টির মধ্যে ছিল কালবৈশাখীর দাপট, সঙ্গে ছিল বজ্রপাত।

জানা গেছে, রাজধানীর মিরপুর, ধানমণ্ডি, গুলশান, নিউমার্কেট, পল্টন, গুলিস্তান, সচিবালয়, প্রেস ক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার, সায়েদাবাদ, কাজলা, শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও অঝোর ধারায়, আবার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর আগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির তীব্রতা খুব বেশি নাও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১.৪ মিমি। তবে রাতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে (গতকাল) যেটুকু বৃষ্টি হয়েছে কাল (আজ) সেটুকুও হবে না। তবে এখন মাঝেমধ্যেই এরকম পরিস্থিতি হতে পারে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ এবং ভোলা, পটুয়াখালী, রাজশাহী ও পাবনার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ তাপপ্রবাহ খুব বেশি সময় স্থায়ী হবে না বলে মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, এর মধ্যে বৃষ্টি হয়ে গেলে তাপমাত্রা কমে যাবে। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ বাড়তে শুরু করেছে। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এমন মেঘলা আকাশ মাঝেমধ্যেই থাকবে। ফলে আমরা মনে করি এখন যে তাপমাত্রা রয়েছে সেটাও কমে যাবে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল যশোরে দেশের সর্বোচ্চ ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।