চুরি করতে নিষেধ করায় ছোট ভাইকে খুন

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবন ও চুরি করতে নিষেধ করায় আপন বড় ভাই মো. তারেক ও তার দুই সহযোগী মিলে হত্যা করেন ছোট ভাই আব্দুল মালেককে। পুলিশ এই ঘটনায় তারেক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার তিনজন হলেন- নিহতের বড় ভাই মো. তারেক, আদমদীঘি উপজেলার মুড়ইল তালুকদারপাড়া এলাকার মাহবুব আলম, দুপচাঁচিয়ার চেঙ্গা গ্রামের মো. মোক্তার।

গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চেঙ্গা সাকিন এলাকায় একটি ধানখেত থেকে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি চেঙ্গা ছাতিয়াগাড়ী এলাকার মৃত হাসত আলীর ছেলে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে দুপচাঁচিয়া থানা চত্বরে সাংবাদিকদের এসব তথ্য জানান আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।

পুলিশ সুপার নাজরান রউফ জানান, অভিযুক্ত মাহবুব, মোক্তার ও তারেক চেঙ্গা ছাতিয়াগাড়ী ও আশপাশের এলাকায় মাদক সেবনসহ চুরি ছিনতাইয়ে জড়িত ছিলেন। তাদের অপরাধের কথা আব্দুল মালেক জেনে যান এবং তার বড় ভাই তারেককে এসব করতে নিষেধ করেন। কিন্তু তারেক তার দুই সঙ্গী মাহবুব ও মোক্তারের প্ররোচনায় অপকর্ম চালিয়ে যান। এসব দেখে ছোট ভাই মালেক পুলিশকে সব জানিয়ে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে মালেককে চড় থাপ্পড় ও মারপিট করেন তারেক।

তিনি জানান, এ ঘটনা তারেক তার দুই সঙ্গীকে জানালে তারা তিনজন মিলে মালেককে হত্যার পরিকল্পনা করে। পরে বৃহস্পতিবার রাতে সুকৌশলে মালেককে ধানের খেতের ভেতর নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় মালেকের কাছে থাকা একটি মোবাইল ও কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।