জামালপুরে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

জামালপুরের বকশিগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী। একই দিনে মামলার আসামিপক্ষ পাল্টা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলায় তাদের হয়রানি করার অভিযোগ তুলেছেন। 

গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসীর আয়োজনে নঈম মিয়ার বাজারসংলগ্ন সারমারা সড়কে মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহত দুলালের বাবা আবদুর রেজ্জাক, দুলাল হত্যা মামলার বাদী রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, নিহত দুলালের ছেলে মনিরুজ্জামান, মেয়ে মুনিয়া আক্তার প্রমুখ।

এ সময় বাদীসহ বক্তারা বলেন, হত্যা মামলা তুলে নিতে মামলার আসামি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুম প্রমাণিক, আসাদুল্লাহ, ফরিদ বাঙ্গার লোকজন বাদীকে হুমকি দিচ্ছেন। এ কারণে বাদী এবং খুন হওয়া দুলালের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

অন্যদিকে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম, সাবেক চেয়ারম্যান লিচুসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে জামালপুর শহরে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।

এতে লিখিত বক্তব্য পড়েন মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম। বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান লিচুর ছেলে জুবায়ের ইসলাম জুয়েলসহ অনেকে।

এ সময় মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম উল্লেখ করেন, ‘দুলাল হত্যা মামলায় আমাকে ফাঁসিয়ে বগারচর ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে।’ সে সঙ্গে ইউনিয়নের নিরীহ মানুষকে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানান তিনি। তিনি এই হত্যা মামলার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে অহেতুক সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার এবং তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তার আবেদন জানান।

অভিযোগের বিষয়ে জানতে মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমের মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। আর জুবায়ের ইসলাম জুয়েলের ফোন বন্ধ পাওয়া গেছে।