ভক্তের কারণে আহত অরিজিৎ

অরিজিৎ সিংয়ের কনসার্ট মানে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কিন্তু ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পীর শেষ কনসার্টে উন্মাদনার মাত্রা একটু বেশিই হয়ে গিয়েছিল। যার খেসারত দিতে হয়েছে শিল্পীকে। হাতে গুরুতর আঘাত পান তিনি। কিছুক্ষণের জন্য গান বন্ধ থাকলেও গত রবিবার আওরঙ্গবাদে অনুষ্ঠিত এই কনসার্ট শেষ করেই মঞ্চ থেকে নামেন অরিজিৎ। পছন্দের শিল্পীকে ছুঁয়ে দেখার ইচ্ছা থাকে সব ভক্তেরই। তাদের এই ইচ্ছা পূরণ করতে হাতও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ এক নারী ভক্ত তার হাত ধরে শুরু করেন টানাটানি। এতে ডান হাতে আঘাত পান অরিজিৎ। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা নেন অরিজিৎ। আঘাত পেয়েও ভক্তের সঙ্গে খারাপ আচরণ করেননি অরিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।