মঞ্চে শাহাদুজ্জামানের গল্প ‘নাজুক মানুষের সংলাপ’

‘এ জীবন লইয়া কি করিব, এমন প্রশ্ন তাড়িত এক তরুণের সঙ্গে সাক্ষাৎ এক প্রাজ্ঞ প্রবীণের। প্রবীণ তার প্রশ্নের উত্তর দেওয়ার ছলে বরং প্রশ্নগুলোকেই আরও নিংড়ে বোঝার চেষ্টা করে। গল্প, গান, কথোপকথনের ভেতর দিয়ে জীবনের জটিল জিজ্ঞাসার উত্তর খোঁজার রেওয়াজ আমাদের লোকসাহিত্যে অনেক প্রাচীন। সে ধারাবাহিকতায় আমার সংলাপনির্ভর গল্প ‘নাজুক মানুষের সংলাপ’। থিয়েটারওয়ালা রেপাটরির নির্দেশক সাইফ সুমনের অনুরোধে সেই গল্পের নাট্যরূপ দেই। সেই নাটকই তারা মঞ্চে আনছেন আগামী ১৯ থেকে ২৭ মে ২০২৩ টানা ৯ দিন, মোট ১২টি প্রদর্শনীতে মহিলা সমিতি মঞ্চে। এ ধরনের নিরীক্ষার উদ্যোগ নেওয়ার জন্য অভিনন্দন জানাই নাট্য নির্দেশক সাইফ সুমন আর থিয়েটারওয়ালা রেপাটরির কলাকুশীলবদের।’ এভাবেই নিজের গল্পের মঞ্চভ্রমণের খবর জানিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। নাটকটির টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনেই।