চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় কুড়িগ্রামে নাজমুল হক নামের এক যুবদল  নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করছে সদর থানার পুলিশ। এর আগে গত বুধবার রাতে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, যুবদল নেতা নাজমুলের বিরুদ্ধে কাঁঠালবাড়ী বাঙটুরঘাট এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা ছিল। ২০২২ সালের ওই মামলায় নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু তিনি পলাতক ছিলেন। বুধবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাজমুলকে আদালতে পাঠানো হয়েছে।