আগামী ৩১ মে থেকে মেট্রোরেলের সময় সূচিতে পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেন চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর কর্মদিবস বিবেচনায় রেখে মঙ্গলবার মেট্রোরেল চলবে এবং নতুন সময়সূচি অনুযায়ী শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। সংবাদ সম্মেলনে বলা হয়, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পিক-আওয়ার বিবেচনায় ট্রেনগুলো ১০ মিনিট অন্তর স্টেশন ছেড়ে যাবে। আর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফ পিক-আওয়ার বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর স্টেশন ছেড়ে যাবে ট্রেন। আবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক-আওয়ার বিবেচনায় ১০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। আর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক-আওয়ার বিবেচনায় ট্রেন ১৫ মিনিট অন্তর চলাচল করবে। এ ছাড়া আগামী ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ এন ছিদ্দিক আরও বলেন, আগামী জুলাই আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল করবে। আর আগামী ডিসেম্বরের আগেই সর্বসাধারণের জন্য মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল উন্মুক্ত করবেন। এ ক্ষেত্রে উত্তরা-আগারগাঁও মডেলে অল্প কিছু স্টেশন দিয়ে চলাচল শুরু হতে পারে।
তিনি বলেন, র্যাপিড পাস বা এমআরটি পাসের বাইরে মেট্রোরেলের যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। এটা অনলাইন করার কার্যক্রম চলছে। মোবাইল বা অন্যান্য মাধ্যম থেকেও যাতে সহজে টিকিট কাটা যায়, সে ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কার্যক্রম শেষ হলে এর প্রয়োগ শুরু করা হবে।
আরেক প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ বাহিনী গঠনের কার্যক্রম চলমান রয়েছে। কীভাবে এই বাহিনী পরিচালিত হবে। কী কী পদ থাকবে। কতটি ক্যাডারভুক্ত পদ থাকবে। এ সব বিষয় নিয়ে কাজ হচ্ছে। এ সব কাজ সম্পন্ন করে চলতি বছরের মধ্যে মেট্রোরেল নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে।