বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) সোর্স সন্দেহে লোঙ্গা খুমী (৪০) নামে রুমা উপজেলায় কর্মরত দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। তিনি কেএনএফের কেন্দ্রীয় কমিটির সহকারী বৈদেশিকবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ওসি মো. আলমগীর হোসেন। খুমীর বিরুদ্ধে রুমা থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, আটক ব্যক্তি সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফকে তথ্য আদান-প্রদান করতেন। ফলে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। তার সরাসরি সম্পৃক্ততাবিষয়ক কেএনএফের গোপন অফিশিয়াল নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে এলে সেই সূত্র ধরে তাকে আটক করা হয়। গোপন নথিতে কেএনএফের শীর্ষ নেতৃত্বের একটি অফিশিয়াল তালিকা রয়েছে।
আরও জানা গেছে, গতকাল বিকেল ৩টায় লোঙ্গা খুমীকে রুমা থানা পুলিশ বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠায়। লোঙ্গা খুমী রুমা উপজেলার কুলাইনপাড়া গ্রামের বগামুখ এলাকার ঙাচা খুমীর ছেলে। গত ছয় বছর আগে তিনি মুরং বাজার এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রুমা গির্জাপাড়ায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। তার বড় ভাই লেলুং খুমী বান্দরবানের খুমী জনগোষ্ঠীর মধ্যে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আলোচিত হন।
এ ব্যাপারে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লোঙ্গা খুমীকে আটক করা হয়, তার বিরুদ্ধে থানায় দুটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, কয়েক মাস আগে কেএনএফের সঙ্গে যোগাযোগ আছে এমন সন্দেহে বান্দরবানের দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি রিচার্ড বমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব। সংশ্লিষ্ট সূত্রের খবর, এমন অভিযোগে নজরদারিতে আছে বান্দরবানের আরও কয়েকজন সংবাদকর্মী।