পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সব বন্ধুপ্রতিম দেশকে রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে আন্তরিক হতে হবে। মিয়ানমারে বিপুল বিনিয়োগকারী দেশগুলোকে নিজেদের স্বার্থে এবং তাদের বিনিয়োগ রক্ষায় এ সংকটের টেকসই সমাধানে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটস ওয়ার্ল্ড পাবলিকেশন নামে একটি ম্যাগাজিন আয়োজিত ‘রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন : এ পাথওয়ে টু পিস, স্ট্যাবিলিটি অ্যান্ড হার্মনি ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশাবাদী যে রোহিঙ্গা সংকটের সমাধান হবে...তবে এটি সমাধানের জন্য আমাদের মিয়ানমার সরকারের আন্তরিকতা, আমাদের সব বন্ধুরাষ্ট্রের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন...তাদের আন্তরিকতা না থাকলে এর সমাধান হবে না।’
তিনি আরও বলেন, ‘অনেক দেশ বঙ্গোপসাগর অঞ্চলে আগ্রহ দেখিয়েছে এবং তারা এখানে বিনিয়োগ করেছে এবং বাণিজ্য বাড়িয়েছে। এই (রোহিঙ্গা) সমস্যার সমাধান না হলে, সন্ত্রাসী কর্মকাণ্ড (রোহিঙ্গাদের দ্বারা সংঘটিত) হলে এই বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ টিকিয়ে রাখতে এই অঞ্চলে শান্তি প্রয়োজন।’
লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. মাহফুজুর রহমান সেমিনারটি পরিচালনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রকাশনার নির্বাহী উপদেষ্টা আবুল হাসান চৌধুরী, প্রকাশনার নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম, গ্যারেথ জন ইভান্স, অধ্যাপক মাইকেল ডব্লিউ চার্নি, মেজর জেনারেল (অব) মো. নাঈম আশফাক চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।