নতুন করে এক বছরের মেয়াদ বাড়ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেনের। ইতিমধ্যে তাদের মেয়াদ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। চলতি সপ্তাহে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
জানা গেছে, আগামী ২৫ মে স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। আর এম খুরশীদ হোসেন অবসরে যাওয়ার কথা ৪ জুন। তবে তাদের চাকরির মেয়াদ এক বছর বাড়াতে গত সপ্তাহে একটি প্রস্তাবনা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। গত ২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন মোস্তাফিজুর রহমান। খুরশীদ হোসেন র্যাবে যোগ দেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। ২৮ ফেব্রুয়ারি গ্রেড-১ পদে পদোন্নতি পান তিনি। চাকরি জীবনে ডিএমপিসহ পুলিশের কয়েকটি ইউনিটের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন খুরশীদ হোসেন।
স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান বিসিএস প্রশাসনের দশম ব্যাচের কর্মকর্তা। ১৯৯১ সালে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। স্বরাষ্ট্রে যোগ দেওয়ার আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায়।
বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন খুরশীদ হোসেন। সর্বশেষ তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।