শেখ হাসিনাকে ‘হত্যার’ হুমকি

প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ভাঙচুর আগুন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার দিনভর রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করেন তারা। আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে বিএনপি। দলটিকে রাজপথে মোকাবিলা করার ঘোষণা দেয় ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির পর লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের লোকজনদের বিরুদ্ধে। এ ছাড়া নেত্রকোনায় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি কার্যালয় থেকে আসবাবপত্র বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রবিবার রাতে রাজশাহীর পুঠিয়া থানায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলাটি করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করব।’ এ ঘটনায় চাঁদসহ বিএনপির শাস্তি দাবি করে গতকাল দলীয়, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করার জন্য নির্দেশনা দেয় আওয়ামী লীগ।

সকালে রাজধানীর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এতে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সংগঠনটির নেতারা বলেন, ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সমাবেশ থেকে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

একইদিন রাজধানীতে আরেক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান। তিনি বলেন, বিএনপি নেতারা প্রায়ই হুমকিধমকি দেন। সেই সূত্র ধরে বিএনপির এক নেতা সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। যারা হত্যার হুমকি দিচ্ছে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যদি দ্বিতীয়বার এ উক্তি হয় তাহলে দেশের জনগণকে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

দুপুরে রাজধানীর গুলিস্তান, পল্টন ও বিজয়নগরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে তারা বিএনপি প্রতিরোধ করার ঘোষণা দেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, ২৪টি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সহসভাপতি সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিএনপি এখন হত্যার রাজনীতিতে নেমেছে।

হাছান মাহমুদ বলেন, ‘এ দেশে আর ’৭৫ সৃষ্টি করতে দেওয়া হবে না। আর যদি কেউ আগুনের বোমা নিয়ে আসে, যে হাতে বোমা নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। এ দেশে আর রক্তের হলি খেলতে দেওয়া হবে না।’

এদিকে দেশ রূপান্তরের জেলা ও উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় দেশের প্রায় প্রতিটি জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। কয়েকটি জেলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসব বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াত রাজনীতিকে অশান্ত করতেই বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। বিএনপির উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয় সেসব বিক্ষোভ মিছিল থেকে।

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা : রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রবিবার রাতে রাজশাহীর পুঠিয়া থানায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলাটি করেন। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। এতে শুধুমাত্র আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে। আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।

চাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চায় হাইকোর্ট : প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের এ বক্তব্যের বিষয়টি গতকাল হাইকোর্টের নজরে এনে প্রতিকার চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়া। বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তখন ওই ব্যক্তির বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায়। কিছুক্ষণ পর রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে এই বলে অবহিত করেন যে, রাজশাহী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এমরান আহম্মেদ ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আদালতকে এ বিষয়টি অবহিত করার পর তার বিষয়ে আইনি পদক্ষেপ জানতে চেয়েছিলেন। আমি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছি, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি।’