ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান থেকে ৭০ লাখ লিটার ও যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।
এছাড়া কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার টন টিএসপি ও পটাশ সার কিনবে সরকার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সার কেনার আলাদা আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুই লটে সার কিনতে খরচ হবে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।
গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল ও সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এ সভা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ১৮৩ টাকা লিটার দরে ৭০ লাখ লিটার সয়াবিন তেল এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৪০ টাকা দরে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকর্পোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪০ টাকা।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরও এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৬৫ পয়সা। সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে এ সয়াবিন তেল কেনা হবে।
সাঈদ মাহমুদ খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে তৃতীয় লটে ৩০ হাজার টন টিএসপি সার ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আরও এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।