গাজীপুুর মহানগরের পুবাইলে মিরের বাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় প্রতিবন্ধী ছেলে শহীদকে (১৪) হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করছিলেন বাবা মো. জলিল হোসেন (৬৪)। এ সময় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশে আসা একটি তেলের লরি তাদের চাপা দিলে প্রাণ হারান তারা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা গাজীপুরের পুবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষা করতেন। এ ঘটনায় লরির চালক শ্রী সুজন মাল্লাকে (৩৫) আটক ও তেলের লরিটি জব্দ করেছে পুলিশ।
এদিকে কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজনসহ পাঁচজন। মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার রাস্তার মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক সাচ্চু মিয়া নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুর্ঘটনার কবলে পড়েছে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখরের গাড়ি। দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অল্পের জন্য পরিবারসহ রক্ষা পেয়েছেন তিনি। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
দাউদকান্দিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত : কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজনসহ পাঁচজন।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পেন্নাই-বাবুরহাট সড়কের কবিচন্দ্রদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন (৩৫) এবং তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫)। আহতরা হলেন অটোরিকশাচালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া (২০), আফারকান্দা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান (২৫), তার স্ত্রী রীনা আক্তার (২২), শিশু নুসরাত ও একই গ্রামের রোকসানা আক্তার (৩০)। নিহত এবং আহত প্রত্যেকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক সুদর্শন জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ভাইবোন নিহত এবং একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের উন্নত সেবার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালক নিহত : মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার রাস্তার মোড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক সাচ্চু মিয়া নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশাকে অপর একটি গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক সাচ্চু মিয়া (৪০) মারা যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত অটোরিকশার ভেতর থেকে নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে।
বিজয়নগরে দুর্ঘটনার কবলে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার গাড়ি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুর্ঘটনার কবলে পড়েছে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখরের গাড়ি। দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অল্পের জন্য পরিবারসহ রক্ষা পেয়েছেন তিনি।
গতকাল শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের রামপুর ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টে যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে ঢাকা থেকে রওনা দেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার। বেলা ১১টা ১৫ মিনিটে ওই স্থানে পৌঁছালে হবিগঞ্জ থেকে ছাড়া ঢাকাগামী দুরন্ত পরিবহনের বাসটির সঙ্গে ডেপুটি হাইকমিশনার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। খোখর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী রেহেনা সারোয়ার কাকার, মেয়ে হুদা আব্বাস খোকর, ছেলে মোহাম্মদ খোখর ছিলেন।
হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সবাই সামান্য আহত হয়েছেন। বড় ধরনের কিছু হয়নি। বাসসহ হেলপার মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।