জামালপুর সদর উপজেলার একটি এসএসসি পরীক্ষার কেন্দ্র দলবল নিয়ে পরিদর্শন করেছেন সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের পর মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি। এসএসসি পরীক্ষার কেন্দ্রে একজন এমপির এমন কর্মকা-ে হতবাক জেলাবাসী। এ নিয়ে জেলাজুড়ে চলছে সমালোচনা।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার সকালে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ধরণীকান্ত উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, দিগপাইত ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ফকির, দিগপাইত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন শামীমসহ ২০ জনের অধিক নেতাকর্মী। কেন্দ্রের ভেতরে এত লোকজনের সমাগমের কারণে ব্যাঘাত ঘটে পরীক্ষার্থীদের মনোযোগে।
নাম প্রকাশ না করার শর্তে একজন পরীক্ষার্থী বলে, ‘এমপি সাহেব যখন ২০-২৫ জন লোক নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন, তখন আমরা হতবাক হয়ে যায়। আমরা সবাই তাদের দিকে তাকিয়ে ছিলাম। পরে দেখি তারা মাঠে ছবিও তুলছেন। আমিসহ আমাদের রুমের সবাই এসব দেখছিলাম। পরীক্ষার কেন্দ্রে এত লোকের সমাগম আমরা আগের পরীক্ষাগুলোতে দেখি নাই।’
দিগপাইত ধরণীকান্ত উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আব্বাস আলী আকন্দ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে এমপি মহোদয় কেন্দ্রে প্রবেশ করেন। তিনি ১০-১৫ মিনিট অবস্থান করেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মী ছিল। এমপি মহোদয় দু-একটি রুমে প্রবেশ করেন এবং বারান্দা দিয়ে হাঁটাচলা করেন। পরে সবাই মিলে মাঠে ছবি তোলেন।’
দলবল নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের নিয়ম রয়েছে কি না এমন প্রশ্নে কেন্দ্র সচিব মো. আব্বাস আলী আকন্দ বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। এমপি মহোদয় কেন আসছেন, তা আমি জানি না।’
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা বলেন, ‘কোনো জনপ্রতিনিধির দলবল নিয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সুযোগ নেই। এটি আইন বা নিয়মের মধ্যে পড়ে না।’
এ প্রসঙ্গে জামালপুর সদর-৫ আসনের এমপি মোজাফফর হোসেন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ সকালে স্কুলটির একটি কাজের জন্য সেখানে যাই। পরে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করি। কাউকে বিরক্ত করিনি। পরে দলীয় নেতাকর্মীরা এলে মাঠে ছবি তুলে চলে আসি।’
এবারের এসএসসি পরীক্ষায় দিগপাইত ধরণীকান্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৮ পরীক্ষার্থী অংশ নেয়।