হবিগঞ্জের মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় বসে খেলা করায় চার শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলার অজুহাতে তাদের অটোরিকশাটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের পর পরিবার থেকে জরিমানা নেওয়া হয় বলে জানা গেছে। গত শনিবার সন্ধ্যায় ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আসাদ আলী পীর সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এদিকে চার শিশুকে নির্যাতনের দৃশ্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। পরে গতকাল রবিবার সন্ধ্যায় শিশু নির্যাতনের অভিযোগ ওঠা অটোরিকশা চালক আক্তার মিয়াকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার দুই শিশুর মামা মো. শামীম মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমি কাজীর বাজারে আমার নিজের দোকানে বসে ছিলাম। হঠাৎ আমার প্রতিবন্ধী বোন এসে আমাকে জানায় তার দুই ছেলেকে ধরে নিয়ে গেছে। পরে আমি দোকান থেকে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বেশ কয়েকজন আমার বোনের ছয় ও সাত বছর বয়সী দুই ছেলে এবং একই গ্রামের আরও সাত ও আট বছর বয়সী দুই শিশুর হাত রশি দিয়ে সিএনজির সঙ্গে বেঁধে রেখেছে। শিশুদের কেন বেঁধে রাখা হয়েছে তা জানতে চেয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে আক্তারসহ কয়েকজন আমার ওপর চড়াও হয়ে ভিডিও মুছে ফেলতে বাধ্য করে। পরে আমি বাসায় ফিরে মোবাইল ব্যাকআপ দিয়ে ভিডিও ও ছবিগুলো ফেরত পাই।’
স্থানীয় বাসিন্দা আসাদ আলী সর্দার বলেন, ‘শিশুরা সিএনজির স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলায় তাদের হাতে রশি দিয়ে বেঁধে আটকে রাখা হয়। পরে আমি এসে শিশুদের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী বলেন, ‘ঘটনাটা জেনেছি। মাধবপুর থানাকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে এবং শিশুদের প্রাথমিক কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। শিশুরা যাতে করে পরবর্তী সময়ে কোনো ধরনের আইনের আওতায় না আসে বা আইনি ঝামেলায় না পড়ে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, শিশু নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পাশের কাশিমনগর ফাঁড়ির ইনচার্জকে পাঠানো হয়।
কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ‘শিশুরা আক্তার মিয়ার সিএনজি নষ্ট করায় তাদের বেঁধে রাখে, যা অপরাধ। ঘটনার পর থেকে আক্তার পলাতক ছিল। আমরা তাকে আজ (গতকাল) সন্ধ্যায় আটক করেছি।’