এলিভেটেড এক্সপ্রেসওয়ের রড পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উড়ালসড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে শিশুটি মারা যায়।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী পথচারী আব্দুল কাদির ইমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনে রেললাইনে লোকজনের জটলা দেখতে পান। কাছে গিয়ে দেখেন ১২ বছরের ছেলেশিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনকে নিয়ে তাকে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাকে দেখে মনে হচ্ছে পথশিশু। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। নিহত শিশুটির পরনে কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি ছিল।

হাসপাতালে মুরাদ হোসেন নামে অপর একজন জানান, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে মহাখালীর আশপাশ এলাকায় হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তার বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তেজগাঁও থানা পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।