সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বরিশাল সিটি করপোরেশন (বিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে ভোটের মাঠে নেমেছেন তার ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। গতকাল শুক্রবার বরিশাল বিভাগের পাঁচ জেলা আওয়ামী লীগের সমন্বয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি মঞ্চে দাঁড়িয়ে ভাইয়ের পক্ষে ভোট চান। বিসিক নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিকেলে গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে এই সভা হয়।
সভায় আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনী কার্যক্রম পরিচালনা উপদেষ্টা কমিটির প্রধান ও বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘আপনার সবাই একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে আমার ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করি।’ এ সময় ছোট ভাইয়ের হাত উঁচিয়ে ধরে তাকে বিজয়ী করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাইকে ওয়াদা করতে বলেন আবুল হাসানাত আব্দুল্লাহ।
আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।
সভায় আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, ‘আমরা নৌকাকে এবং খোকন সেরনিয়াবাতকে বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরব। এটাই আমাদের প্রত্যয়, এটা আমাদের শপথ।’ তিনি আরও বলেন, ‘আমরা গাজীপুর সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি। বেইমানদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো আপস হতে পারে না। আমরা বেইমানমুক্ত জনপ্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয় করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জিততে চাই।’
আব্দুর রহমান বলেন, ‘আজ আমরা বিশ্বাস করতে চাই, আমাদের নির্বাচনের চেহারাটা বদল হয়ে গেল। বিভাগ থেকে আপনাদের এখানে যারা এসেছেন এবং কেন্দ্রীয় নেতারা এখানে আছেন; সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে নামি তাহলে নির্বাচনে পরাজয় হওয়ার বিন্দু পরিমাণে শঙ্কা নেই।’
তিনি আরও বলেন, ‘‘খোকন ভাইকে যখন নেত্রী মনোনয়ন দেন; তখন তার চোখেমুখে, তার হৃদয়ে যে ভালোবাসা সেটি প্রস্ফুটিত হয়েছে। নেত্রী নিজেই বলছিলেন, ‘খোকন তো নিজেই গুলি খেয়েছে, ওরে তো কিছুই দিতে পারিনি এবং আমি ওকে এই মেয়র নির্বাচনে মনোনয়ন দেব’।’’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের বিরুদ্ধে যারা বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন, আজ এই পাঁচটি জেলার প্রতিনিধিদের সমন্বয় সভায় খোকন সেরনিয়াবাতের উপস্থিতির মধ্য দিয়ে সব অপপ্রচারকারী এবং ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি মেখে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।’
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা তার বিবেচনায় আমাকে মনোনয়ন দিয়েছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আমার আবেদন আপনাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে আমার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার জন্য একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করি।’
আবুল হাসানাত আব্দুল্লাহ তার ছেলে বরিশালের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্য এবারও মনোনয়ন চেয়েছিলেন। অন্যদিকে বরিশালের সাদিক-বিরোধী আওয়ামী লীগ নেতাকর্মীরা আবুল হাসানাত আব্দুল্লাহর ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহর জন্য মনোনয়ন চেয়েছিলেন। পরে সাদিক আব্দুল্লাহ মনোনয়ন না পাওয়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাদিক আব্দুল্লাহর অনুসারীদের খোকন সেরনিয়াবাতের সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামতে দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, দুই ভাইয়ের গতকালের মিলন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের জন্য সুফল বয়ে আনতে পারে। আগামী ১২ জুন বিসিক নির্বাচনের ভোটগ্রহণ হওয়া কথা রয়েছে।