টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৩-এ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সাল থেকে তৃতীয়বারের মতো গ্লোবাল ইম্প্যাক্ট র্যাঙ্কিং অর্জন করলো ইউল্যাব। সারা বিশ্ব থেকে প্রায় এক হাজার ৬০০টি বিশ্ববিদ্যালয় এ র্যাঙ্কিংয়ে অংশ নিয়েছে। এসডিজি ১১ (টেকসই শহর ও সম্প্রদায়) বিভাগে বাংলাদেশে প্রথম এবং এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারিত্ব) বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে ইউল্যাব। এসডিজি ১ (দারিদ্র্যমুক্ত), এসডিজি ৫ (লিঙ্গ সমতা), এসডিজি ৮ (যথাযোগ্য কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং এসডিজি ৫ (গুণগত শিক্ষা) বিভাগেও স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।
মর্যাদাপূর্ণ এ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৯টি প্রাইভেট ও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইমপ্যাক্ট র্যাংকিং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এজডিজি) সঙ্গে সঙ্গতি রেখে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নির্ণয় করে থাকে। একটি বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষমতার বিভিন্ন দিক যেমন-শিক্ষাদান, গবেষণা, আউটরিচ, স্টুয়ার্ডশিপ মূল্যায়ন এবং এজডিজি সম্পৃক্ত বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়িত করে র্যাংকিংয়ে স্থান দেওয়া হয়।