সাংবাদিকদের আইনমন্ত্রী

নির্বাচনকালীন সরকার নিয়ে অস্পষ্টতা নেই

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো অস্পষ্টতা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন।

গতকাল রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

দুর্নীতিবিষয়ক মামলার বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেসার কোর্স’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী ওয়েস্ট মিনস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেম অব গভর্নমেন্টে আমাদের রাষ্ট্র পরিচালনা হয়। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন  মনে করেন যে তিনি একটি ছোট সরকার গঠন করতে চান বা নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি তা করবেন। এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন, সে ব্যাপারে একটি রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন।’ 

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্প্রতি বাংলাদেশ সফর করা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূতের উদ্বেগজনক বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘এই বক্তব্য জাতিসংঘ দিয়েছে বলে আমি মনে করি না। তারা এই বক্তব্য দেওয়ার আগেই ২০১৯ সালের শেষের দিক থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের যখন মিসইউজ ও অ্যাবিউজ হচ্ছিল, তখনই কিন্তু আমি বলেছি যে আলাপ-আলোচনার মাধ্যমে এই আইনের মিসইউজ ও অ্যাবিউজ বন্ধ করা প্রয়োজন। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে এবং সে বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে। এটা কারও প্রেসক্রিপশনের ওপর নির্ভরশীল নয়।’

বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সাওয়ার প্রমুখ।