বনভূমি প্রয়োজন ২৫ ভাগ রয়েছে ১৫.৫৮ : মন্ত্রী

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যেকোনো দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে ১৫ দশমিক ৫৮ ভাগ বনভূমি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শাহাব উদ্দিন বলেন, বর্তমানে দেশে বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর; যা দেশের আয়তনের শতকরা ১৫ দশমিক ৫৮ ভাগ। তবে বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের আয়তনের শতকরা ২২ দশমিক ৩৭ ভাগ।

বনভূমি সম্প্রসারণের লক্ষ্যে সরকার তথা বন অধিদপ্তরের গত ১৪ বছরে নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে গাছ কাটা ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল পর্যন্ত বন্ধ করা হয়েছে। জাতীয় বননীতি, ১৯৯৪ অনুযায়ী সরকারপ্রধানের অনুমোদন ছাড়া সংরক্ষিত বন বনায়নবহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না।

গত অর্থবছরে বিমান ৪৩৬ কোটি টাকা লাভ করেছে : প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, বিমান গত অর্থবছরে ৪৩৬ কোটি টাকা লাভ করেছে। নতুন নতুন রুট পরিচালনা করে এ লাভের ধারা অব্যাহত রাখা যাবে।

গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বহরে নতুন বিমান সংযোজনের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিমান গত অর্থবছরে (২০২১-২২) ৪৩৬ কোটি টাকা মুনাফা করেছে। এ ছাড়া বিমান ২০২৩ সাল থেকে জাপানের নারিতায় অপারেশন শুরু করবে এবং চেন্নাই ও মালে অপারেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। তা ছাড়া আগামী অর্থবছরে নিউ ইয়র্ক অপারেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ক্ষেত্রে নতুন রুট পরিচালনার জন্য বিমানের অতিরিক্ত উড়োজাহাজ সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে নতুন নতুন রুট পরিচালনার মাধ্যমে লাভের ধারা অব্যাহত রাখা যাবে।