নওগাঁয় ওবায়দুল কাদের

রোজ নালিশ করে বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির দেখতে দেখতে ১৪ বছর চলে গেছে। ১৫ বছরে পা দিয়েছে। ইউরোপে নাালিশ করেছে কাজ হয়নি। পাইছে ঘোড়ার ডিম। আমেরিকার কাছে রোজ রোজ নালিশ দেয়। কী পায়? পাইছে ঘোড়ার ডিম। যেখানেই যায় ঘোড়ার ডিম। জনগণ নাই বিএনপির সঙ্গে তাদের আন্দোলন ভুয়া।’

গতকাল রবিবার দুপুরে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৫২ দফা ভুয়া, ২৭ দফা ভুয়া। তাদের আজকে বড় জ¦ালা। পদ্মা সেতু হয়ে গেল। মেট্রোরেল চালু হলো। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হচ্ছে। পাতাল রেল হচ্ছে। কিছুদিন লোডশেডিং হয়তো থাকবে। সামনে থাকবে না। নালিশ করে বিএনপির কাজ হয়নি।’

এর আগে বেলা ১১টায় নওগাঁ শহরের চকপ্রাণ এলাকায় আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের অন্য নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে ওবায়দুল কাদেও বলেন,  প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় মাত্র ৩ ঘণ্টা ঘুমান। তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। তিনি বিদেশে যান আনন্দ করার জন্য না, প্রমোদ ভ্রমণের জন্য না। প্রধানমন্ত্রী সম্প্রতি বিশ^ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন। তিনি নালিশ করতে যাননি। অথচ তার সফর নিয়ে বিএনপি নেতারা যা ইচ্ছা তা-ই বলেন।  বিএনপির মিথ্যাচার একমাত্র সম্পদ।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী (নওগাঁ-১ আসনের সংসদ সদস্য) সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।