প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের সেনাপ্রধানের

এশিয়া অঞ্চলে বসবাসকারী মানুষের প্রধান শত্রু দারিদ্র্য। আর এ দারিদ্র্য দূর করতে এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। এ সময় প্রধানমন্ত্রী দারিদ্র্য নিরসনে এ অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আছে। সেখানে আর্থসামাজিক উন্নয়নে দুই দেশের এ সুসম্পর্ককে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশকে অধিক ঘনবসতির দেশ হিসেবে উল্লেখ করে করে প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ ও বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার দেশকে আর্থসামাজিকভাবে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে। এ ছাড়া দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক কল্যাণে দুই দেশের মধ্যে একসঙ্গে কাজ ও সহযোগিতার সুযোগ আছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার, সেনাবাহিনী ও জনগণের সমর্থন ও ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান মনোজ পাণ্ডে বলেন, প্রতিরক্ষা খাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা খুব ভালোভাবে এগিয়ে চলছে। আগামী দিনেও বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত থাকবে। দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে কারিগরি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পারস্পরিক সুবিধার জন্য সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন জেনারেল পাণ্ডে।

এ সফরে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন এবং সেখানকার আধুনিক সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ হয়েছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ভারতীয় সেনাপ্রধান।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএস শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গত সোমবার ঢাকায় আসেন জেনারেল মনোজ পাণ্ডে।