বরিশাল সিটি নির্বাচন

আ.লীগ কাউন্সিলর প্রার্থীর মন্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ

আগামী ১২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা আছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থীসহ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা বিরতিহীনভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। নগরীর পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে চলছে মাইকিং, গণসংযোগ। জমজমাট পরিবেশের মধ্যেই নৌকা প্রতীকের প্রার্থীর একটি মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এ ঘটনায় গতকাল বুধবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ইসলামী আন্দোলনের নেতা।

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরীফ মো. আনিছুর রহমান গত ৪ জুন নিজ বাসভবনে বসে সাংবাদিক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকায় বসে ‘হাত পাখাকে ৩ কোটি টাকা দিছে আবুল হাসানাত আবদুল্লাহ এবং তার ছেলে সাদিক আবদুল্লাহ।’ আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাতকে হারাতেই এই ষড়যন্ত্র।’ এ ঘটনায় শরীফ মোহাম্মদ আনিসুর রহমানকে জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। ওই দিন মধ্যরাতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে কারও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এ বক্তব্য নিয়ে বর্তমানে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার কাউন্সিলর প্রার্থী শরীফ মো. আনিছুর রহমানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর শাখার ছাত্র ও যুবকবিষয়ক সম্পাদক আরিফুর রহমান।

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি গতকাল বিকেলে নিশ্চিত করেছেন সাইবার ট্রাইবুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

এ বিষয়ে আরিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দলের এবং প্রার্থীর যে ক্লিন ইমেজ রয়েছে তা নষ্ট করার জন্য একটি মহল পাঁয়তারা করছে। আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা চলছে। বরিশাল সিটি নির্বাচনে হাত পাখার মেয়র পদপ্রার্থী ফয়জুল করিমকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। এতে বোঝা যায় আমরা বিজয়ের দ্বারপ্রান্তে আছি। সেটাকে নষ্ট করার জন্য যারা চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আমরা আশা করছি এই ব্যাপারে সুষ্ঠু ন্যায়বিচার পাব।

বরিশালে ‘নৌকা’র ইশতেহার : পঁয়ত্রিশটি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের সহায়তা নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করে উন্নত ও নাগরিকবান্ধব বরিশাল নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

গতকাল বুধবার দুপুর ১২টায় ক্রাউন কনভেনশন হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন, অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান, বাড়ির প্ল্যান অনুমোদনে সহজ প্রক্রিয়া অবলম্বন, জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ নতুন ড্রেন নির্মাণ, খাল খনন, বর্ধিত এলাকায় পানি ও বিদ্যুতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, রাস্তাঘাটের সংস্কার, ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণ, পচনশীল বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদন এবং মশক নিধন প্রভৃতি ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তিনি তার নির্বাচনী ইশতেহারে।

খোকন সেরনিয়াবাত বলেন, ‘পানি সরবরাহ ব্যবস্থাপনায় লাইন চার্জ সহনীয় মাত্রায় রেখে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে; রিকশা ও ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা হবে; নগরের প্রতিটি সড়কে পর্যাপ্ত সড়ক বাতি স্থাপন করা হবে; সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত নগর গড়ে তোলা হবে এবং পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে বরিশাল নগরীকে সবুজ নগরী (গ্রিন সিটি) হিসেবে গড়ে তোলা হবে।’

জবাবদিহি নিশ্চিতকরণের অঙ্গীকার ব্যক্ত করে খোকন বলেন, “নিয়মিত ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক সমস্যার সমাধান করা হবে, ‘সবার বরিশাল’ শীর্ষক অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে নাগরিক সমস্যা বিষয়ক অভিযোগ গ্রহণ করা হবে এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সেসবের সমাধান করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে।”

বিভিন্ন কলোনিবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তারুণ্যকে অনুপ্রাণিত করতে প্রতিটি এলাকায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে, বরিশাল নগরীতে গ্যাস-সংযোগ প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক নগরী প্রতিষ্ঠা করা হবে, তরুণ সমাজের জন্য আইটি নগরী প্রতিষ্ঠাসহ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’ বরিশালকে শিল্প-বাণিজ্যসমৃদ্ধ ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন খোকন সেরনিয়াবাত।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ প্রমুখ।