বিশ্বব্যাংকের প্রতিবেদন

জ্বালানি সংকট আমদানি নিয়ন্ত্রণে চাপে বাংলাদেশ

বাংলাদেশ সরকার জ্বালানি সংকটে রয়েছে এবং কয়েক মাস ধরে আমদানির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে শিল্পের কাঁচামাল আমদানি কমেছে। এসব কারণে শিল্প উৎপাদন ও পরিষেবা খাতে বড় ধরনের চাপে রয়েছে বাংলাদেশ সরকার। বিশ্বব্যাংক তাদের সর্বশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে। গত মঙ্গলবার রাতে  প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের জন্য নতুন একটি ঋণ কর্মসূচি অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বব্যাংক বলছে, আইএমএফের এ ঋণ নেওয়ার পেছনে বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে, আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য রক্ষা করা এবং আমদানি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থেকে মুক্তি পাওয়া।

বিশ্বব্যাংক এর আগে চলতি বছরের শুরুর মাসে আরেকটি ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদন প্রকাশ করেছিল। যাতে চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৬ দশমিক ২ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল। নতুন প্রতিবেদনেও একই পূর্বাভাস রেখেছে বিশ্বব্যাংক। যদিও সরকার চলতি ও আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে ৭ দশমিক ৫ শতাংশ।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য ব্যাহত হওয়া ও বিনিময় হারের চাপ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ আমদানির ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছিল। নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাও এমনটি করেছিল। ফলে এসব দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়ে। তবে এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি বেশ কিছু খাদ্যপণ্য রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। বিশ্বব্যাংক বলছে, বর্তমানে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমে এসেছে। তা সত্ত্বেও এসব দেশ বিদ্যমান খাদ্য রপ্তানি নিষেধাজ্ঞা ২০২৩ সাল পর্যন্ত বহাল রাখতে পারে। এ ছাড়া দেশে কর্মসংস্থানের উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।