ট্রাকের ধাক্কায় টুকরো টুকরো অটোরিকশা, নিহত ৪

জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গত বৃহস্পতিবার রাত ৩টা থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক, মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী এবং কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় পথচারী এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।

জামালপুরের দুর্ঘটনায় নিহতরা হলেন সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। তারা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ইটাইল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন হানিফ (৫৮), শফিকুল ইসলাম (৫৫) ও খলিল (৬০)।

জামালপুর সদর থানার এসআই নিজাম উদ্দিন জানান, দুপুরে ইটাইল গ্রাম থেকে জুমার  নামাজ আদায়ের জন্য কয়েকজন মুসল্লি অটোরিকশায় পাশের জেলা শেরপুরের মুর্শীদিপুর এলাকার এক পীরের বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি ইটাইল থেকে জামালপুরের দিকে আসছিল। পথে রানাগাছা উত্তরপাড়া এলাকায় যাত্রাবিরতি দেয়। এ সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে গুরুতর আহত হানিফ, খলিল, সাহেদ আলী ও জয়নালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে অটোরিকশাচালক জয়নাল আবেদীন ও সাহেদ পথে মারা যান।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শ্রীপুরে মোটরসাইকেল চালকের মৃত্যু : গাজীপুরের শ্রীপুরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বৃন্দাবন এলাকায় টেংরা-ছাতিরবাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়, তার সঙ্গে থাকা আরেক আরোহীকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত ফয়সাল আহমেদ (২৫) পাশের উত্তর পেলাইদ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি নয়নপুর এলাকার ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর মডেল থানার এসআই কবির হোসেন বলেন, ‘একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেট কারটিকে সনাক্ত করা যায়নি, ঘটনার পরেই গাড়ি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে যাত্রী নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে এক যাত্রী নিহত হয়েছেন। মাইক্রোবাসটির চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদ হোসেন শাওন (২৮) নোয়াখালীর বেগমগঞ্জের মিয়াপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। মাইক্রোবাস চালক আহত আল-আমিন (২৮), যাত্রী রত্না বেগম (৪০) ও কাজলকে (৩৫) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিল। পথে পাখির মোড় এলাকায় দ্রুত গতির একটি গাড়ি মাইক্রোবাসটিতে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাইক্রোবাসাটি মহাসড়কের ডিভাইডারের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক যাত্রী এমদাদকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রামে গার্মেন্টস কর্মী নিহত : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামের নিয়াজ মন্ডলের ছেলে। সে ছুপুয়া আমির শার্ট গার্মেন্টসে চাকরি করত।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন জানান, গতকাল সকালে ফারুক হোসেন প্রতিদিনের মতো মহাসড়কের পাশ দিয়ে তার কর্মস্থল আমির শার্ট গার্মেন্টসে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি (শনাক্ত করা যায়নি) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি